আজ ১১ নভেম্বর বিশ্বজুড়ে অবিবাহিত দিবস
আজ ১১ নভেম্বর বিশ্বজুড়ে অবিবাহিত দিবস
প্রেম, বিয়ে কিংবা সংসার-জীবনের এসব পরিচয়ের বাইরেও নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ রয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা, আত্মতৃপ্তি ও নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সেই বার্তা নিয়েই আজ ১১ নভেম্বর পালিত হচ্ছে ‘সিঙ্গেলস ডে’ বা অবিবাহিতদের দিন। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়।
দিনটি পালনের প্রচলন শুরু হয়েছিল চীনে। ১৯৯০-এর দশকে দেশটির বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অবিবাহিত জীবনকে উদ্যাপনের উদ্দেশ্যে এ দিনের আয়োজন শুরু করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যেও দিবসটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
সিঙ্গেলস ডে হিসেবে ১১ নভেম্বর বেছে নেওয়ার পেছনেও রয়েছে প্রতীকী কারণ। তারিখটির ১১.১১ সংখ্যায় চারটি ‘১’ রয়েছে। এই চারটি একক সংখ্যা একা বা অবিবাহিত মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সে কারণেই দিনটি অবিবাহিতদের জন্য বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।
প্রথমদিকে দিনটি বন্ধুদের সঙ্গে আড্ডা, একসঙ্গে খাওয়া-দাওয়া কিংবা নিজেদের পছন্দের কাজের মধ্য দিয়ে উদ্যাপন করা হতো। অবিবাহিত জীবন নিয়ে সামাজিক চাপ বা নেতিবাচক ধারণার বাইরে গিয়ে নিজের জীবনকে উপভোগ করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
তবে সময়ের সঙ্গে এই দিবসের উদ্যাপনে যুক্ত হয়েছে বাণিজ্যিক আয়োজন। বিশেষ করে চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ১১ নভেম্বর উপলক্ষে নানা পণ্যে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার দিয়ে থাকে। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বিভিন্ন শপিংমল ও বিপণিবিতানেও চলে বিক্রয় উৎসব।
বর্তমানে সিঙ্গেলস ডে বিশ্বের অন্যতম বড় কেনাকাটার আয়োজনে পরিণত হয়েছে। বিক্রির পরিমাণের বিচারে অনেক প্রতিবেদনে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও দিনটিকে এগিয়ে রাখা হয়।